‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : May 24, 2026 ইং
‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া ছবির ক্যাপশন: রাশিয়া
ad728
ইউক্রেনের রাজধানী কিয়েভে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৪ মে) রাতভর ৭০০টিরও বেশি ড্রোন ও ৫০টিরও বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মস্কো।

বিরতিহীন বোমার আঘাতে কেঁপে ওঠে শহরের বিস্তৃত এলাকা, সৃষ্টি ভুতুড়ে অবস্থার। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

অনলাইনে প্রচারিত চাঞ্চল্যকর ভিডিওতে দেখা গেছে, ক্রুজ ক্ষেপণাস্ত্র মধ্য কিয়েভে আঘাত হানার মুহূর্তে আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। সরকারি ভবন ও আবাসিক এলাকার কাছে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ছিল ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত সবচেয়ে তীব্র হামলাগুলোর মধ্যে অন্যতম।

মস্কো জানিয়েছে, কিয়েভে হামলায় হাইপারসনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্রসহ চার ধরনের মরঘাতি অস্ত্র ব্যবহার করা হয়েছে। রাশিয়ার অভ্যন্তরে বেসামরিক লক্ষ্যবস্তুতে কিয়েভের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানায় দেশটি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই হামলায় ওরেশনিক, ইস্কান্দার, কিনঝাল এবং জিরকন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, এই হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড কেন্দ্র, বিমান ঘাঁটি এবং দেশটির সামরিক-শিল্প কমপ্লেক্সের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। 

মস্কোর দাবি, সব হামলা সফল হয়েছে।  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া রাতভর হামলায় হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। টেলিগ্রামে করা এক পোস্টে জেলেনস্কি বলেন, ক্ষেপণাস্ত্রটি কিয়েভ অঞ্চলের বিলা সের্কভায় আঘাত হানে। যদিও হামলার লক্ষ্য তাৎক্ষণিকভাবে স্পষ্ট ছিল না।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাতভর চালানো হামলায় প্রায় ৬০০টি ড্রোন এবং আকাশ, সমুদ্র ও ভূমি থেকে উৎক্ষেপিত ৯০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫৪৯টি ড্রোন এবং ৫৫টি ক্ষেপণাস্ত্র ধ্বংস বা প্রতিহত করেছে। প্রায় ১৯টির মতো ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত দুজন নিহত এবং আরো ৫৬ জন আহত হয়েছে। কিয়েভ জুড়ে আবাসিক ভবন, স্কুল, সুপারমার্কেট ও গুদামসহ প্রায় ৪০টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানিয়েছে, কিয়েভের শেভচেঙ্কো জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। 

উল্লেখ্য, রাশিয়া সর্বপ্রথম ২০২৪ সালের নভেম্বরে ইউক্রেনের দনিপ্রো শহরে একাধিক ওয়ারহেডযুক্ত ওরেশনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। চলতি বছরের শুরুতে পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হয়েছিল।


নিউজটি পোস্ট করেছেন : Md Nayon Howladar

কমেন্ট বক্স