চাঁপাইনবাবগঞ্জের কৃষি খাতকে আরও আধুনিক, উৎপাদনমুখী ও টেকসই করতে কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালকের কার্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. বুলবুল আহমেদ এবং সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের কৃষি ব্যবস্থাকে আরও প্রযুক্তিনির্ভর, আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। জেলার প্রধান অর্থকরী ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মানোন্নয়ন, বাজারজাতকরণ এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা বলেন, কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষিসেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দিতে হবে। পাশাপাশি কৃষি খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন বক্তারা।
সভা শেষে জেলার কৃষি উন্নয়নে গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
