চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এসকাপ সিরাপ ও টেনসিউইন ট্যাবলেট জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৫ জুলাই রাত সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের চামুচা বিওপির হাবিলদার মো. গোলাম আজমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের পশ্চিমপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানস্থলটি সীমান্ত পিলার ১৯৬/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় ৪৩ বোতল ভারতীয় এসকাপ সিরাপ এবং ৩ হাজার ৪০ পিস টেনসিউইন ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, এসকাপ সিরাপ ফেন্সিডিলের বিকল্প হিসেবে অপব্যবহার করা হয়ে থাকে।
জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
