শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ২৭০ বোতল ‘Eskuf’ সিরাপ জব্দ

  • মো: ফুহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ
  • 07 Jul 2026, 04:18 PM
শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ২৭০ বোতল ‘Eskuf’ সিরাপ জব্দ ছবি: ডিসিভি
ad
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ২৭০ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গত ৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০০ বোতল ভারতীয় Eskuf সিরাপ উদ্ধার করে।
একই রাতে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত পিলার ১৭৫/২-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামে অভিযান চালিয়ে আরও ৭০ বোতল Eskuf সিরাপ জব্দ করে। তবে উভয় অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত তিন মাসে সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ১০ জনকে আটক করেছে এবং ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের মোট ১১ হাজার ২৪৪ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

Comment