Print Date : August 24, 2026 || Published : June 17, 2026
জয়পুরহাটে জেআরডিএম-এর চাকরি মেলা অনুষ্ঠিত মেলায় গিয়ে চাকরি পেলেন ৩৫ জন যুবক-যুবতী

যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষ জনশক্তিকে উপযুক্ত কর্মক্ষেত্রের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগগিতায় জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) আয়োজিত দিনব্যাপী এক চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় বুধবার পৌর কমিউনিটি সেন্টারে এই মেলার আয়োজন করা হয়।
জেআরডিএম-এর নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানা এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
বিশেষ অতিথি বক্তব্য দেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মকছুদুল কবীর, কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোশাররফ হোসেন, বেসরকারী সংস্থা এনডিসি’র নির্বাহী পরিচালক দেওয়ান কামরুজ্জামান, রেইজ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার আনজুমান আরা বেগম, জেআরডিএম-এর পরিচালক শওকত আলী, জেআরডিএম-এর সিনিয়র সহকারী পরিচালক এন. এম. ওয়ালিউজ্জামান, মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাহিন রেজা প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে এই ধরণের চাকরি মেলা বেকার যুবকদের জন্য একটি চমৎকার সুযোগ সৃষ্টি করবে। এর মাধ্যমে নিয়োগকারী প্রতিষ্ঠান ও চাকরিপ্রার্থীদের মধ্যে একটি সরাসরি সেতু বন্ধনও তৈরি হবে। মেলায় আসা ৩৫ জন যুবক-যুবতীর তাৎক্ষণিক কর্মসংস্থান হয়েছে এবং ৬৬ জনকে প্রাথমিক ভাবে নির্বাচিত করা হয়েছে। এটি আয়োজকরা একটি বড় সাফল্য হিসেবে দেখছেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয় এবং ব্যাপক সংখ্যক চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পায়।
এছাড়া ক্যারিয়ার গাইড লাইন, দক্ষতা উন্নয়ন বিষয়ক পরামর্শ এবং ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা সংক্রান্ত বিশেষ সেশন অনুষ্ঠিত হয় মেলায়।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.