Print Date : August 24, 2026 || Published : August 23, 2026
রক্ষণাবেক্ষণে ৬ রাতে কর্ণফুলী টানেলে ট্রাফিক ডাইভারসন

রুটিন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৬ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত কর্ণফুলী টানেলে রাতের বেলায় ট্রাফিক ডাইভারসন ঘোষণা করেছে টানেল কর্তৃপক্ষ।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কর্ণফুলী টানেলের ‘পতেঙ্গা থেকে আনোয়ারা’ টিউবে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান যানবাহনের চাপের ওপর নির্ভর করে টানেলের উভয়মুখে যাত্রীদের পাঁচ থেকে সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। রক্ষণাবেক্ষণ কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে এ সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর রুটিন রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতে যাত্রী ও সাধারণ জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। পাশাপাশি সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.