Print Date : August 24, 2026 || Published : August 12, 2026
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা

জেলার রূপসা উপজেলার একটি ইটভাটায় ফখরুল শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নৈহাটি এলাকার মেসার্স রূপসা ব্রিকস ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রনেতা এবং বর্তমানে যুবদলের কর্মী হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার দুটি কন্যাসন্তান রয়েছে।
ঘটনার রাতে ফখরুল ইটভাটার ভেতরে অবস্থান করছিলেন। রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে রাত ১টা ১১ মিনিটের দিকে তার গুলিবিদ্ধ হওয়ার খবর পান মেজ ভাই ফরহাদ শেখ।
খবর পেয়ে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের ভাষ্য, ইটভাটাটি ফখরুলদের মালিকানাধীন। ভাটায় বিভিন্ন সময় চুরির ঘটনা ঘটায় নিরাপত্তার জন্য তিনি মাঝেমধ্যে রাতে সেখানে পাহারার দায়িত্ব পালন করতেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ আঃ রাজ্জাক মীর জানান, নিহতের দেহে দুটি গুলির চিহ্ন রয়েছে। রাতের নিহত ফকরুলের বড় বাই বাদি হয়ে একটি মামলা করেছেন। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.