Print Date : July 27, 2026 || Published : July 22, 2026
চকপাড়া সীমান্তে ৯৭ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
শাহবাজপুরে বিজিবির অভিযান, চোরাকারবারিরা পালিয়ে গেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২১ জুলাই ২০২৬ রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। নায়েক মো. আব্দুর রহমানের নেতৃত্বে বিজিবির বিশেষ টহল দলটি সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রিফুজিপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৭ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সূত্র জানায়, জব্দ করা এসকাফ সিরাপ সাধারণ ডায়েরিভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় জিরো টলারেন্স নীতিতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.