চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ এবং মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার ১৭ জুলাই ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপির বিশেষ টহলদল এই অভিযানগুলো পরিচালনা করে। অভিযানে সর্বমোট ১২২ বোতল এস্কাফ সিরাপ এবং ২০টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৫১ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া ইউনিয়নের শাহাপাড়া গ্রামে প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ২০টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এর আগে, গত ১৬ জুলাই সকাল ৯টায় একই বিওপির টহলদল অপর একটি অভিযানে শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
জব্দকৃত মাদকদ্রব্যগুলো আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এবং মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি জুলাই মাসজুড়ে সীমান্তে নিশ্ছিদ্র নজরদারি চালানো হচ্ছে। চলমান এই অভিযানের ধারাবাহিকতায় চলতি মাসে এখন পর্যন্ত ১ জন আসামিসহ ২৬৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ, ৪৬ বোতল মদ এবং ২১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সামগ্রীর মোট বাজার মূল্য প্রায় ৬ লক্ষ ৫ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) রোধ এবং যেকোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।