চট্টগ্রামের আনোয়ারায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিনজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বৈরাগ ও বোয়ালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে লোকমান উদ্দিন (২৮), শাহাদাত হোসেন (৫৬) ও কামরুল হাসান মুন্না (১৯)-কে মাদক সেবনরত অবস্থায় পাওয়ার কথা জানানো হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিনজনকে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লোকমান উদ্দিনকে ৩০ দিন, শাহাদাত হোসেনকে ৩ দিন এবং কামরুল হাসান মুন্নাকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
