চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১৮৫/১২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় সন্দেহজনকভাবে তল্লাশি চালানো হয়।
অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়। তবে মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকে ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি।
উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে সুরক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
