তরুণদের অনলাইন জুয়া থেকে ফেরাতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা

  • চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • 19 Aug 2026, 06:49 AM
তরুণদের অনলাইন জুয়া থেকে ফেরাতে চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা ছবি: ডিসিভি
ad
ডিজিটাল প্রযুক্তির সহজলভ্যতার সুযোগে তরুণদের মধ্যে বাড়তে থাকা অনলাইন জুয়ার প্রবণতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. মুসা জঙ্গী।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওদুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা বলেন, মোবাইল ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতার কারণে তরুণ ও যুবসমাজের একটি অংশ বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে জড়িয়ে পড়ছে। এতে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।

বক্তারা আরও বলেন, অনলাইন জুয়া শুধু ব্যক্তির অর্থনৈতিক ক্ষতিই করছে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সামাজিক জীবনেও পড়ছে। তাই সময় থাকতেই এ প্রবণতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এক্ষেত্রে শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে অভিভাবক, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

সভায় অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো, তরুণদের খেলাধুলা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং আইনানুগ ব্যবস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে অনলাইন জুয়ার বিস্তার রোধে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Comment