চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. রওনক শিশির (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু মো. তাজ (১৮) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার-বুলনপুর এলাকার মেসার্স মুনজুর অটো রাইস মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমতলার বাসিন্দা মো. গোলাম রাব্বানীর ছেলে। তিনি নবাবগঞ্জ সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত তাজ একই এলাকার মো. পলাশ হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শিশির ও তাজ আমনুরা থেকে মোটরসাইকেলযোগে চাঁপাইনবাবগঞ্জ শহরে ফিরছিলেন। পথে আতাহার-বুলনপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা ‘আদর্শ গ্রুপ’-এর একটি দ্রুতগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৬১৩৫) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক শিশির প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত তাজকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
