আজ ১৬ জুলাই ২০২৬, বাংলাদেশে প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণীর জাতীয় দিবস হিসেবে ঐতিহাসিক 'জুলাই শহীদ দিবস' পালিত হচ্ছে। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ বীর ছাত্র-জনতার আত্মত্যাগের স্মৃতিতে সারা দেশে গভীর শ্রদ্ধায় দিবসটি উদযাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে আজ দেশব্যাপী রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে এবং সকল সরকারি, আধাসরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী পৃথক বাণীতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
জাতীয় এই কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলাতেও যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। আজ সকাল নয়টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জুলাই বিপ্লবের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মাধ্যমে সকালের কর্মসূচির সমাপ্তি ঘটে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য মো. হাবীব আজম, সদস্য বৈশালী চাকমা, সদস্য নাইউ প্রু মারমা, সদস্য সাগরিকা রোয়াজা, সদস্য ক্যওশিং মারমা, সদস্য দয়াল দাশ, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মো:রিজাউল করিম প্রশাসনিক কর্মকর্তা আনন্দতিষ্য চাকমাসহ হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
