স্বল্পমূল্যে চোখের আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে শিবগঞ্জে উদ্ভোদন হলো চক্ষু হাসপাতাল উপকেন্দ্র।

  • মোঃ ফুহাদ আলী চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।
  • 12 Jul 2026, 06:20 PM
স্বল্পমূল্যে চোখের আধুনিক চিকিৎসা পৌঁছে দিতে শিবগঞ্জে উদ্ভোদন হলো চক্ষু হাসপাতাল উপকেন্দ্র। পদ্মার চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে শিবগঞ্জে চক্ষু হাসপাতালের একটি নতুন উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। ছবি: ডিসিভি
ad
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে চোখের চিকিৎসা। বিশেষ করে পদ্মার চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কথা বিবেচনা করে শিবগঞ্জে চক্ষু হাসপাতালের একটি নতুন উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) দুপুরে শিবগঞ্জ ওয়াটার সাপ্লাই মোড়ে ফিতা কেটে এই উপকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবদুল হাকিম – সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি।
প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু – অধ্যক্ষ, আদিনা ফজলুল হক সরকারি কলেজ।
ডা. মামুন কবির – সহকারী অধ্যাপক, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মো. আশরাফুল আলম রশিদ – বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী।
আলহাজ মো. ইউসুফ আলী – সভাপতি, শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতি।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শিবগঞ্জের অনেক অসহায় মানুষ অর্থ এবং দূরত্বের অভাবে উন্নত চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। এই উপকেন্দ্রটি চালু হওয়ার ফলে তারা এখন ঘরের কাছেই প্রয়োজনীয় চিকিৎসা পাবেন। এই উদ্যোগকে তারা কেবল একটি চিকিৎসাকেন্দ্র নয়, বরং মানবতার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। সমাজের বিত্তবানদের এ ধরনের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসারও আহ্বান জানান বক্তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে:
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কেন্দ্র খোলা থাকবে।ফি মাত্র ১০০ টাকার বিনিময়ে রোগীরা চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
প্রাথমিক চিকিৎসার পর প্রয়োজন অনুযায়ী রোগীদের চাঁপাইনবাবগঞ্জ জেলা চক্ষু কেন্দ্রে পাঠানো হবে।
রোগীদের অপারেশনের প্রয়োজন হলে সীমিত খরচে রাজশাহীতে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
অসহায় ও নিঃস্ব রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ ও রোগীরা। তাদের প্রত্যাশা, শিবগঞ্জের এই নতুন চক্ষু উপকেন্দ্রের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের চিকিৎসা সংকটের অবসান ঘটবে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ সহজেই চোখের উন্নত চিকিৎসা পাবেন।

Comment