জয়পুরহাট-হিলি সড়কে ট্রাক-অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫
জয়পুরহাট- হিলি সড়কের পাঁচবিবি উপজেলার বনখুর এলাকায় ট্রাক ও যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত এবং এঘটনায় আরও ৫ গুরুতর আহত হয়েছে। অপর দিকে আক্কেলপুর উপজেলার তিলপুরে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক সাজ্জাদ হোসেন (৪০) ঘটনাস্থলে নিহত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক পাঁচবিবি উপজেলার কাদেরপাড়া গ্রামের এনামুল হকের ছেলে তৌহিদ হোসেন ও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি, তার বাড়ি বীরনগর বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বীরনগর এলাকা থেকে একটি অটোরিক্সা জয়পুরহাট শহরের দিকে আসছিল। পথে সদর উপজেলার বনখুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটো রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক নারী অটো যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৫ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা করে দেয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ নার্স রানা আব্দুল্লাহ জানান, সড়ক দুর্ঘটনায় ৭জনকে হাসপাতালে নিয়ে আসা হলে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়। অন্য ৫জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দিয়েছে এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
