চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশি সেবায় ইতিবাচক পরিবর্তনের চিত্র ফুটে উঠছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, থানাগুলোতে দালালচক্রের প্রভাব কমে আসায় সাধারণ মানুষ এখন আরও সহজে ও হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় পুলিশের সেবা পাচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীতে সাধারণ ডায়েরি (জিডি), অভিযোগ বা মামলা করতে গিয়ে অনেকেই দালালচক্রের মাধ্যমে হয়রানির শিকার হতেন।
তবে বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। এখন থানায় গিয়ে সরাসরি দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনি সহায়তা নেওয়া যাচ্ছে এবং এ জন্য অতিরিক্ত কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না বলে জানান সেবাগ্রহীতারা।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আগে থানায় গেলে অস্বস্তি লাগত এবং বিভিন্নভাবে হয়রানির আশঙ্কা থাকত। কয়েক দিন আগে একটি জিডি করতে গিয়ে কোনো ধরনের অর্থ দিতে হয়নি। পুলিশ আন্তরিকভাবে সহযোগিতা করেছে।”
এদিকে জেলার বিভিন্ন স্থানে মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান এবং তদারকি জোরদার হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
সুশীল সমাজের প্রতিনিধিদের ভাষ্য, পুলিশ প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহি ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও সম্পর্ক আরও দৃঢ় হবে। তাঁদের প্রত্যাশা, এ ধারা অব্যাহত থাকলে চাঁপাইনবাবগঞ্জ আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জেলায় পরিণত হবে।
